...|...|...

ক্যাম্পাস

গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন ৩ বিশ্ববিদ্যালয়

কাউসার আহমেদ, নোবিপ্রবি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন ৩ বিশ্ববিদ্যালয়

গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন ৩ বিশ্ববিদ্যালয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে না। আগের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এদিকে এবার গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয়। এতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৩টিতে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা আগের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারিখ পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গুচ্ছ ভর্তি পরীক্ষা মার্চ মাস থেকে শুরু হওয়ায় তারিখ পরিবর্তনের প্রয়োজন হবে না বলে মনে করি।’

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন করে যুক্ত হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে বিষয় খোলা ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে। ফলে এসব বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হচ্ছে।

এ বিষয়ে অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে যুক্ত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক সাবজেক্ট ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছেন। তাই তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।’

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি জিএসটি গুচ্ছেই থাকছে বলে জানিয়েছেন অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

গতবার গুচ্ছে ছিল ২০ বিশ্ববিদ্যালয়

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।