বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার কারণে গুগল ক্লাউডের একাধিক সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। এতে যুক্তরাজ্যের কয়েকটি ব্যাংক ও বিচারিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবার ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।
মঙ্গলবার গুগলের ক্লাউড স্ট্যাটাস পেজে জানানো হয়, লন্ডনভিত্তিক ‘ইউরোপ-ওয়েস্ট ২’ অঞ্চলে একাধিক সেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সমস্যার কারণ অনুসন্ধানে প্রকৌশলীরা কাজ করছেন বলেও জানানো হয়।
গুগলের তথ্য অনুযায়ী, ব্রিটিশ সামার টাইম সকাল ৭টার দিকে, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ বিভ্রাট শুরু হয়।
গুগল ক্লাউড বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি তথ্য সংরক্ষণ, ডেটা ব্যবস্থাপনা এবং সফটওয়্যার উন্নয়নের প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও মাইক্রোসফট অ্যাজিউরের মতো প্রতিষ্ঠানও এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গুগল ক্লাউডের বিভিন্ন সেবা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ডেটা সেন্টার থেকে পরিচালিত হয়। লন্ডনভিত্তিক ইউরোপ-ওয়েস্ট ২ অঞ্চলে সমস্যার কারণে সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর নির্ভরশীল কিছু সেবা ব্যাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সমস্যায় পড়া সব প্রতিষ্ঠানই গুগল ক্লাউড ব্যবহার করে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যেসব সেবায় প্রভাব পড়েছে
ওয়েবসাইট ও অনলাইন সেবায় বিভ্রাটের বিষয়ে ব্যবহারকারীদের প্রতিবেদন সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে মঙ্গলবার একাধিক প্রতিষ্ঠানের সেবা নিয়ে অভিযোগ বেড়েছে।
যুক্তরাজ্যের ডিজিটাল ব্যাংক রেভোলুট তাদের সেবায় বিঘ্নের কথা জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আশ্বস্ত করে বলেছে, তাদের অর্থ ও ব্যক্তিগত তথ্য নিরাপদ রয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের হ্যালিফ্যাক্স ব্যাংক জানিয়েছে, কিছু গ্রাহক তাদের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিভ্রাটের প্রভাব পড়েছে দেশটির বিচারিক কার্যক্রমেও। ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় সকাল ১০টা থেকে ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম (সিভিপি) কাজ করছে না। ফলে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের অনেকে আদালতের বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না।
সংগঠনটির ভাষ্য, এ পরিস্থিতি মামলার জট কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
গুগল ক্লাউডের বিভ্রাটের কারণে ঠিক কতটি প্রতিষ্ঠান ও ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে সব আক্রান্ত সেবার সঙ্গে গুগলের অবকাঠামোগত সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
গুগলের প্রকৌশল দল সমস্যাটি নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ায় সেবাগুলো কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানা যায়নি।


