জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হন।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রবিবার (১৫ নভেম্বর) জর্ডানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুই সহোদর ও তাদের এক আত্মীয় রয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পালিয়ে যান। পরে তিন দিন পর তাদের গ্রেফতার করা হয়। অক্টোবরের শেষ দিকে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পর তাদের আটক করা হয়।
আদালতে তাদের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া, হামলাকারীদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে অর্থ সরবরাহের অভিযোগও প্রমাণিত হয়।
জর্ডানের ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য প্রায় ৩ লাখ। কারাক গভর্নরেটেও উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
হামলার পর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার ঘোষণা দেন। এ ধরনের হামলা মোকাবিলায় দেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশও দেন তিনি।


