ইকুয়েডরে গির্জায় সরাসরি সম্প্রচারিত প্রার্থনা পরিচালনার সময় ক্রুশবিদ্ধ যিশুর বিশাল ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্রাণ হারিয়েছেন। উপাসকদের সামনেই ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (১৮ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গুয়ায়াকিল আর্চডায়োসিস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে শনিবার (১৭ অক্টোবর) ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনোরা দেল পেরপেতুও সোকোরো গির্জায়। সেখানে প্রার্থনা পরিচালনা করছিলেন গির্জাটির প্যারিশ পুরোহিত ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। উপাসকদের উদ্দেশে কথা বলার সময় তাঁর পেছনে দেয়ালে লাগানো ক্রুশবিদ্ধ যিশুর বিশাল প্রতিকৃতিটি হঠাৎ খুলে তাঁর ওপর পড়ে যায়।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বেদির সামনে দাঁড়িয়ে প্রার্থনা পরিচালনা করছিলেন পুরোহিত। এ সময় পেছনের দেয়াল থেকে প্রতিকৃতিটি খুলে পড়ে তাঁকে চাপা দেয়। এরপর তাঁকে আর দেখা যায়নি। প্রতিকৃতিটি বেদির ওপর পড়ে থাকতে দেখা যায়।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফাদার সানচেজ মোলিনারির মৃত্যুর খবর নিশ্চিত করে গুয়ায়াকিল আর্চডায়োসিস। পোস্টে বলা হয়, সেন্ট্রাল ভিকারিয়েটের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জার প্যারিশ পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করা ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি আর বেঁচে নেই।
ফাদার সানচেজ মোলিনারি ওই গির্জার প্যারিশ যাজকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি ক্যাথলিক ধর্মীয় সংঘ কনগ্রেগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমারের সদস্য ছিলেন।


