গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মাজুখান এলাকার রায় বাবুর ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শাহিন আলম জানান, দুপুরে গুদামে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।


