...|...|...

সারাদেশ

গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পূবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির সামনে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে। তার স্বামী মনির হোসেন। নিহত শিশু ইয়ামনি তাদের মেয়ে। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে ছিলেন। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত শিশু ইয়ামনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বর্তমানে মা-মেয়ের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।