গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগে ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সময়ে ভারত-ইসরায়েল সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি প্রকাশ্য ও ঘনিষ্ঠ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের আগের সরকারগুলোও ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছিল। তবে তখন অস্ত্র কেনাবেচা বা রাষ্ট্রীয় সফর অনেকটাই আড়ালে রাখার চেষ্টা করা হতো। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সেই গোপনীয়তা অনেকটাই কমে যায়।
২০১৬ সালে ভারতের আদানি গ্রুপ হায়দরাবাদে ইসরায়েলের এলবিট সিস্টেমসের সাথে যৌথভাবে ‘হার্মিস ৯০০’ ড্রোন তৈরির উদ্যোগ নেয়। এটি ইসরায়েলের বাইরে এ ধরনের প্রথম কারখানা।
নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল আল-জাজিরাকে বলেন, হায়দরাবাদের কারখানায় মূলত ইসরায়েলি নকশার ড্রোনের চূড়ান্ত সংযোজন করা হয়। ঠিক কতটা প্রযুক্তি ভারতে স্থানান্তরিত হয়েছে, তা স্পষ্ট নয়। তবে তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ ও ২০২৪ সালের শুরুতে ভারত থেকে ইসরায়েলে এই মডেলের ড্রোন পাঠানো হয়েছিল, যখন গাজায় ওই ধরনের ড্রোন ব্যবহারের অভিযোগ উঠছিল।
অ্যামনেস্টির প্রতিবেদনে ২,৫৯৬ চালানের তথ্য
৩০ জুলাই প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান গেছে।
প্রতিবেদনে নয়টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন। অ্যামনেস্টির বক্তব্য, এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রপ্তানি করলে কার্যত ভারত সরকারই অস্ত্র সরবরাহ করছে।
এর পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বলেন, কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের একটি ‘শক্তিশালী’ আইনি কাঠামো রয়েছে।
২০২৩ সালের অক্টোবরের পর ভারত ইসরায়েলে যুদ্ধবিমান, বোমা ও অস্ত্রের যন্ত্রাংশ পাঠাচ্ছে—এমন অভিযোগ আগে থেকেই ছিল। অ্যামনেস্টির সাম্প্রতিক প্রতিবেদন সেই অভিযোগগুলোকেই আরও বিস্তারিতভাবে তুলে ধরে।
২০২৬ সালের মে মাসে ফিলিস্তিনপন্থী ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস’ বা বিডিএস আন্দোলন এবং ‘নো হারবার ফর জেনোসাইড’ জোটও ভারত থেকে ইসরায়েলে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ তোলে।
জাতিসংঘেও বদলেছে ভারতের অবস্থান
২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব আনার উদ্যোগ ঠেকিয়েছিল মোদি সরকার।
২০১৫ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ওই অভিযানের জবাবদিহি চেয়ে আনা একটি প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে। ২০১৬ সালেও একই অবস্থান নেয় নয়াদিল্লি।
২০১৭ সালে নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি আবারও ইসরায়েল যান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার কয়েক দিন আগে।
এদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, পররাষ্ট্রনীতি আদালতের এখতিয়ারের বিষয় নয়।
নিকোলাস ব্লারেলের মতে, ফিলিস্তিন প্রশ্নে ভারতের অবস্থান একসময় বেশ স্পষ্ট ছিল। কিন্তু এখন তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যের অনেক কূটনীতিকই বুঝতে পারছেন না ভারত আসলে কোথায় দাঁড়িয়ে আছে।
গবেষক ও লেখক আজাদ এসাও গাজা যুদ্ধের সময় ইসরায়েলে ভারতের অস্ত্র পাঠানো, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, অস্ত্র নিষেধাজ্ঞাকে সমর্থন না করা এবং ভারতের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি ভারতের ঘোষিত নীতির চেয়ে বাস্তবে নেওয়া এসব পদক্ষেপই দেশটির অবস্থান সম্পর্কে বেশি কিছু বলে।
অন্যদিকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কবির তানেজা মনে করেন, ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মূলত দেশটির অর্থনৈতিক শক্তি বৃদ্ধির প্রতিফলন।
তার মতে, ষাটের দশকে ভারতের অর্থনীতি ছোট ছিল এবং বড় শক্তিগুলোকে বিরক্ত করার ঝুঁকি ছিল বেশি। কিন্তু এখন প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে ভারত বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে সমালোচনা সামলে নিতে সক্ষম এবং ইসরায়েলসহ বিভিন্ন অংশীদারের কাছ থেকে নিরাপত্তা সহযোগিতা নিতে পারে।


