জাতিসংঘের মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহের প্রার্থিতার সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর অভিযোগ, গাজায় ‘পরিকল্পিত গণহত্যা আড়াল’ এবং ‘বৃহত্তর ইসরায়েল’ প্রকল্পের জন্য কূটনৈতিক পথ পরিষ্কার করতেই আমিরাতের এই উদ্যোগ।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে গালিবাফ নুসেইবেহের প্রার্থিতাকে মুরগির খোঁয়াড় পাহারায় শিয়াল নিয়োগের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘গাজার ট্র্যাজেডি রক্ষা করাই তাঁর জীবনবৃত্তান্ত।’
জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রতিনিধি নুসেইবেহ গত সপ্তাহে মহাসচিব পদে প্রার্থিতার ঘোষণা দেন। তিনি বলেন, এখন সময় এসেছে প্রজন্মগত পরিবর্তন, সক্রিয় কূটনীতি এবং কার্যকর ফলাফলের ওপর নিরলস মনোযোগ দেওয়ার।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই আমিরাতের প্রার্থিতা নিয়ে ইরানের স্পিকারের এই মন্তব্য সামনে এল।


