ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলার মধ্যেই দখলদার ইসরায়েলি হামলায় এক দম্পতিসহ অন্তত আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন। মঙ্গলবার ২০ (অক্টোবর) ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় আকরাম ইয়াসিন ও তাঁর স্ত্রী দিনা আবু বকর নিহত হন। তাঁদের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায়। পরে সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া খান ইউনিসের কিজান আল-নাজ্জার এলাকায় ইসরায়েলি গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর, মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় এক শিশু এবং গাজা শহরের জাইতুন উপশহরে আরও একজন নিহত হন।
গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক যান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। খান ইউনিসের বিভিন্ন এলাকায় এক নারী ও দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত আকরাম ইয়াসিনের ভাই মাহমুদ ইয়াসিন বলেন, যুদ্ধবিরতি চলার কথা থাকলেও বাস্তবে হামলা, হত্যাকাণ্ড ও গোলাবর্ষণ বন্ধ হয়নি।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪২১ জন আহত হয়েছেন।
এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ৭৪ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময়ে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।


