...|...|...

বিশ্ব

গরু জবাই করায় ৩ মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ভারতীয় আদালত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১২:৪৩
Shares
গরু জবাই করায় ৩ মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ভারতীয় আদালত

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে গরু জবাই ও গোমাংস প্রক্রিয়াজাত করার মামলায় তিন মুসলিম ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর)সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, সোমবার গান্ধীনগর জেলার কালোল সেশনস কোর্ট এ রায় দেন। ২০২৪ সালের আগস্টে জেলার জামলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭৭ কেজি গোমাংস উদ্ধারের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজনকে অবৈধভাবে পশু জবাই ও গোমাংস প্রক্রিয়াজাত করার সময় আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, ওজন মাপার যন্ত্র ও কয়েকটি যানবাহন উদ্ধার করা হয়। জীবিত গবাদি পশুগুলো উদ্ধার করে স্থানীয় গোশালায় পাঠানো হয়।

মামলার বিচারক বি আর রাজপুত রায় ঘোষণার সময় প্রাচীন সংস্কৃত গ্রন্থ মনুস্মৃতির শ্লোক উল্লেখ করেন। এতে গরুকে জগতের মাতা ও বিশ্বজনীন কল্যাণের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। আদালত গবাদি পশুর সুরক্ষাকে নৈতিক দায়িত্ব ও আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত বলে পর্যবেক্ষণ করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম শাহাবুদ্দিন বাবু কুরেশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলিভাই কুরেশি এবং আশফাক ওরফে সালমান আল্লারাখা আব্দুল বেহলিম। গুজরাট পশু সংরক্ষণ আইনের অধীনে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

মামলায় সরকারি পক্ষের আইনজীবী সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন। সহকারী সরকারি কৌঁসুলি জিগনেশ এইচ জোশি অভিযুক্তদের কঠোর শাস্তির পক্ষে যুক্তি দেন।

রায়ের পর গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি বলেন, গো-হত্যার মতো অপরাধের ক্ষেত্রে আইন কাউকে ছাড় দেবে না। মামলার তদন্ত ও প্রমাণ উপস্থাপনের জন্য তিনি পুলিশ ও সরকারি পক্ষকে অভিনন্দন জানান।