গঙ্গার পানি বণ্টন চুক্তি, তৈরি পোশাকশিল্পের সংকট, সার সরবরাহ এবং এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল। এসব বিষয়ে সংসদে আলোচনার জন্য একাধিক নোটিশ জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
আগামী ১২ ডিসেম্বর ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে তিনি এ প্রস্তাব জমা দেন।
একই বিধিতে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা সমাধানের পাশাপাশি এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান।
প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
সংসদের ১৪৭ বিধিতে প্রস্তাবগুলো গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে আলোচনার সময় নির্ধারণের এখতিয়ার স্পিকারের।
এদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সারপ্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় আনতে চান তিনি।
অন্য প্রস্তাবটি দিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম। এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন নাজিবুর রহমান। এর মধ্যে প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন। অন্যদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমাদ বিন কাসেম।
৬৮ বিধিতে দেওয়া প্রস্তাবগুলো গৃহীত হলে প্রতিটি বিষয়ে সংসদে এক ঘণ্টা করে আলোচনা অনুষ্ঠিত হবে।


