খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা, অপপ্রচার ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নগরবাসীর জন্য তিন দফা নির্দেশনা জারি করেছেন পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন সাংবাদিক পরিচয়, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের সাংবাদিক বা বিভিন্ন পেশার পরিচয় দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে টাকা দাবি, অর্থ আদায় এবং অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি অনলাইনে বিভ্রান্তিকর তথ্য, গুজব, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচারের ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে খুলনা মহানগরীর জনশৃঙ্খলা, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে তিনটি বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথমত, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি, অর্থ আদায় বা কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।
দ্বিতীয়ত, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করে -এমন মিথ্যা, উসকানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য জনসম্মুখে কিংবা কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
তৃতীয়ত, সরকারি-বেসরকারি দফতর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারা, প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০ এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নগরীতে ভুয়া পরিচয়ধারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে তথ্য দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।


