...|...|...

সারাদেশ

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পোস্টারে লেখা ‘মুসলিম বিদ্বেষী রঠা’

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ৯:১১
Shares
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পোস্টারে লেখা ‘মুসলিম বিদ্বেষী রঠা’

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি। ছবি: টাইমস টুডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে সেই সৌন্দর্যবর্ধনের উদ্যোগের মধ্যেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন খুলনা রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব প্রতিকৃতির মধ্যে ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরও।

তবে শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। পোস্টারে লেখা, ‘তিতুমীরের বাংলায় মুসলিম ও পূর্ববাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই! ভারত বন্দনার ঠাঁই নাই!’

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন টাইমস টুডেকে বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।