খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাটসংলগ্ন সিংহের চর এলাকায় নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং সিংহের চর এলাকার রেজাউল করিম (৩০)। সোহাগ পেশায় জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপর নিহত রেজাউল করিমের বাবার নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তারা। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে একই স্থানে আরও একটি লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে নদীতে লাশ ভাসার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে এর সাথে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


