দেশের খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজার টাকার বিপরীতে দুই টাকা হারে অগ্রিম আয়কর আদায়ের বিধান বাস্তবায়ন করতে চায় সংস্থাটি। এ জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। আগামী জানুয়ারি থেকে অ্যাপটির ব্যবহার শুরু হতে পারে।
২০২৬ সালের অর্থ আইনে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ক্ষেত্রে শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আদায়ের বিধান যুক্ত করা হয়েছে। তবে এত দিন তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। এবার প্রযুক্তির মাধ্যমে কর সংগ্রহ নিশ্চিত করতে কাজ শুরু করেছে এনবিআরের তথ্যপ্রযুক্তি বিভাগ।
এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকেরা বিশেষ অ্যাপটি ব্যবহার করবেন। এর মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয় চালান তৈরি এবং বিক্রয়মূল্য গ্রহণের ব্যবস্থা থাকবে।
পরিবেশকেরা মাস শেষে মোট বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজার টাকায় দুই টাকা অগ্রিম কর সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। মূলত খুচরা বিক্রেতাদের পক্ষ থেকেই এই অর্থ পরিশোধ করবেন তারা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর জমা দেওয়ার সুযোগ রাখা হতে পারে।
প্রথমে পরিবেশক পর্যায়ে অ্যাপটি চালু করা হলেও পরবর্তী সময়ে সব পাইকারি বিক্রেতাকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থা বাস্তবায়নের আগে দেশের শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে এনবিআর। ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে অ্যাপের কার্যক্রম ও কর আদায়ের পদ্ধতি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অগ্রিম কর সংগ্রহের আওতায় আসবেন।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকার ঘাটতি হয়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব সংগ্রহ বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ের উদ্যোগটি গুরুত্ব পাচ্ছে।
২০২৬ সালের অর্থ আইন অনুযায়ী, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদাররা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির সময় চালানমূল্যের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর সংগ্রহ করবেন।
তবে এই অর্থ চূড়ান্ত আয়কর হিসেবে গণ্য হবে না। ব্যবসায়ীরা বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তাদের মোট করদায় থেকে আগে পরিশোধ করা অগ্রিম কর সমন্বয় করতে পারবেন।
অর্থাৎ, কোনো খুচরা বিক্রেতা এক লাখ টাকার পণ্য কিনলে তাকে ২০০ টাকা অগ্রিম কর দিতে হবে। পরবর্তী সময়ে আয়কর রিটার্নে বিধি অনুযায়ী এই অর্থ সমন্বয়ের সুযোগ থাকবে।
নতুন করব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, সীমিত মুনাফার ব্যবসায় অতিরিক্ত অর্থ পরিশোধের চাপ তৈরি হলে শেষ পর্যন্ত পণ্যের বিক্রয়মূল্যে এর প্রভাব পড়তে পারে।
রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়া জানান, প্রতি হাজার টাকার পণ্য বিক্রিতে তাদের প্রায় ২০ টাকা মুনাফা হয়। এই অর্থ থেকেই দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় মেটাতে হয়। এর মধ্যে আরও দুই টাকা অগ্রিম কর দিতে হলে ব্যবসার খরচ সামলাতে পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, করটি সমন্বয়যোগ্য হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ অর্থের প্রবাহে সাময়িক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব ব্যবসায়ী নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন না, তাদের জন্য নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তবে এনবিআর মনে করছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু হলে খুচরা পর্যায়ে পণ্য সরবরাহের হিসাব আরও স্বচ্ছ হবে এবং কর সংগ্রহের কার্যক্রম সহজ হবে।
সূত্র: প্রথম আলো।


