সকালে ঘুম থেকে উঠে অনেকেই প্রথমেই একটা কলা খেয়ে ফেলেন - সহজলভ্য, সস্তা, আর তাড়াহুড়োর সকালে দারুণ সুবিধাজনক নাস্তা।
কিন্তু প্রশ্ন হলো, খালি পেটে কলা খাওয়া আসলেই শরীরের জন্য ভালো, নাকি এতে উল্টো ক্ষতি হয়? পুষ্টিবিদদের মতে, উত্তরটা একরকম ‘হ্যাঁ’ আর ‘না’- এর মাঝামাঝি - নির্ভর করছে আপনার শরীরের অবস্থা আর কীভাবে খাচ্ছেন তার উপর।
কলার পুষ্টিগুণ
একটা মাঝারি আকারের কলায় থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও বি৬, এবং প্রচুর ডায়েটারি ফাইবার। এতে প্রায় ২৩ গ্রাম কার্বোহাইড্রেট (প্রতি ১০০ গ্রামে) থাকে, যার একটা অংশ হজম হয় না বলে তা সরাসরি ক্যালরি হিসেবে যোগ হয় না। পটাশিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে, যা বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে।
পক্ষে যা বলা হচ্ছে
১. হজমে সহায়ক ও পেটের জন্য নিরাপদ: সারারাত না খেয়ে থাকার পর পাকস্থলীতে অ্যাসিড জমে থাকে। কলায় থাকা লিউকোসায়ানিডিন নামের একটি ফ্ল্যাভোনয়েড পাকস্থলীর মিউকাস স্তর ঘন করে, যা আলসার থেকে সুরক্ষা দিতে পারে। এই কারণে কলাকে ‘অ্যান্টাসিড’ ধর্মী খাবার হিসেবেও বিবেচনা করা হয়।
২. দ্রুত এনার্জি: সকালে শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন থাকে, আর কলা সেই চাহিদা দ্রুত পূরণ করতে পারে।
৩. হজম ও পেট পরিষ্কার রাখা: ফাইবার সমৃদ্ধ হওয়ায় কলা নিয়মিত পায়খানা ও হজমে সহায়তা করে।
বিপক্ষে যা বলা হচ্ছে
১. রক্তে শর্করার হঠাৎ ওঠানামা: কলায় গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ- এই তিন ধরনের প্রাকৃতিক শর্করা থাকে, প্রায় ১৫ গ্রাম চিনি একটি মাঝারি কলায়। শুধু কলা একা খেলে, বিশেষ করে সাথে ফাইবার বা প্রোটিন না থাকলে, রক্তে শর্করা দ্রুত বেড়ে গিয়ে আবার দ্রুত নেমে যেতে পারে- যার ফলে কিছুক্ষণ পর ক্লান্তি বা অস্থিরতা লাগতে পারে।
২. কিডনি বা হৃদরোগীদের জন্য সতর্কতা: শুধু কলা খেলে হঠাৎ বেশি পরিমাণ পটাশিয়াম শরীরে ঢুকতে পারে, যা কিডনি বা হৃদরোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
৩. ডায়াবেটিস থাকলে সতর্ক থাকা জরুরি: যাদের রক্তে শর্করার ওঠানামা নিয়ে সমস্যা আছে, তাদের জন্য এই প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের পরামর্শ
বেশিরভাগ পুষ্টিবিদ বলছেন, কলা ‘খারাপ’ খাবার না হলেও, শুধু কলা একা খাওয়ার চেয়ে তার সাথে কিছু প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট যোগ করা ভালো - যেমন এক মুঠো বাদাম, দই, বা পিনাট বাটার। এতে চিনি শোষণের গতি কমে এবং শক্তি বেশিক্ষণ স্থায়ী হয়।
ব্যায়ামের আগে হালকা এনার্জির জন্য জিমে যাওয়ার ১৫-৩০ মিনিট আগে একটা কলা খাওয়া যেতে পারে। সাধারণ নিয়ম হলো - একটা কলা খাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে একটা সুষম নাশতা করে নেওয়া।
সংক্ষেপে
সুস্থ একজন মানুষের জন্য মাঝেমধ্যে খালি পেটে একটা কলা খাওয়া সাধারণত ক্ষতিকর নয়, বরং কিছু ক্ষেত্রে উপকারীও। তবে প্রতিদিনের অভ্যাস হিসেবে শুধু কলার উপর নির্ভর না করে তার সাথে প্রোটিন বা ফাইবারযুক্ত খাবার যোগ করাই সবচেয়ে নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পথ।
যাদের ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগের সমস্যা আছে, তাদের এই বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
তথ্যসূত্র
- theSkimm (https://www.theskimm.com/health/digestive-health/banana-on-empty-stomach)
- MedicineNet (https://www.medicinenet.com/are_bananas_good_for_breakfast_eat_empty_stomach/article.htm)
- TheHealthSite.com



