এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলে বদলে গেছে হাজারো শিক্ষার্থীর ফল। ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। একইসাথে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী।
পুনর্নিরীক্ষণের পর মোট ৫৬ হাজার ২৫৯ জনের খাতায় নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৮৩৬ জনের জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তথ্য দিয়ে ফল দেখতে পারছে। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে পর্যায়ক্রমে খুদে বার্তার মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের পর আরও ৯০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর পরেই রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সেখানে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন। তৃতীয় অবস্থানে থাকা দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ২৭৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। যশোরে ১৮২, সিলেটে ১২১, বরিশালে ১১২, চট্টগ্রামে ৮৩ এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ জনের ফল পরিবর্তনের পর জিপিএ-৫ হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন শিক্ষার্থী। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে ৪৬ জন।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।
ফলে খাতা পুনর্নিরীক্ষণের পর শুধু জিপিএ-৫ বা পাসের ফলেই নয়, কয়েক হাজার শিক্ষার্থীর গ্রেড ও প্রাপ্ত নম্বরেও পরিবর্তন এসেছে।



