...|...|...

বিনোদন

ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন নাজমুল হক ব্রুসলি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ জুলাই ২০২৬, বিকেল ৪:২১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১২:২১
Shares
ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন নাজমুল হক ব্রুসলি

ছবি: সংগৃহীত

বিএফডিসিতে সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমা না চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, নাজমুল হক ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সাথে এ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত তার সব সংশ্লিষ্ট ভিডিও ও বক্তব্য প্রত্যাহার বা সরিয়ে নিতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না করলে আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ব্রুসলি ভোট দিতে পারবেন না।

এদিকে এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের পক্ষ থেকে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, বিএফডিসিতে সংবাদ সংগ্রহসহ সাংবাদিকদের সব কার্যক্রম এখন থেকে স্বাভাবিকভাবে চলবে।

সাংবাদিকদের সাথে শিল্পীদের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।