...|...|...

বিশ্ব

ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে নেতানিয়াহুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৬
Shares
ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকোট দায়িত্ব নিতে পারেন, এমন সম্ভাবনায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে বলে দাবি করেছেন তার সাবেক উপদেষ্টা নির হেফেৎজ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ১০৩এফএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হেফেৎজ বলেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আতঙ্ক বড় একটি বিষয়। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ দেখতে পাই।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে হেফেৎজ বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ারের কাছ থেকে জরুরি ফোনকল আসা ছিল নিয়মিত ঘটনা।

তিনি বলেন, প্রতি পাঁচ সেকেন্ডে জরুরি ফোনকল আসত। পরিস্থিতির পরিবর্তনে নেতানিয়াহুর ঘনিষ্ঠজনেরা কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তা বোঝাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

হেফেৎজের ধারণা, এসব ব্যক্তির মধ্যে কার্যালয়ে থাকা প্রতিনিধিরা কিংবা নেসেটের স্পিকার আমির ওহানার মতো ব্যক্তিরাও থাকতে পারেন।

তিনি বলেন, আপনি যদি দেয়ালের আড়ালে থাকা একটি মাছিও হতেন, তাহলেও নিজের চোখে আতঙ্ক দেখতে পেতেন। ব্যক্তিগত অবস্থান ঝুঁকিতে পড়লে নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা নতুন নয়। নিজের স্বার্থের প্রশ্ন এলে এটি তার নিয়মিত আচরণের অংশ।

প্রধানমন্ত্রীর পদ হারানোর সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হেফেৎজ বলেন, বিরোধী দলে চলে যাওয়া নেতানিয়াহু ও তার পরিবারের জন্য বেশ কঠিন হবে।

তিনি বলেন, বাড়িতে তার জীবন সহজ হবে না, এটুকু বলাই যথেষ্ট। ভুলে গেলে চলবে না, বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া সম্মান তিনি খুব পছন্দ করেন।

হেফেৎজ প্রশ্ন তোলেন, তিনি কি বিরোধী দলে বসে থাকবেন? আইজেনকোটকে বহর নিয়ে চলতে, হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় যেতে এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’-এ উড়তে দেখবেন?

নেতানিয়াহু, সারা ও ইয়ারকে নিয়ে গঠিত এই ‘ত্রয়ী’ এমন পরিস্থিতিতে ভেঙে পড়বে বলেও দাবি করেন তিনি। তার মতে, তাদের জন্য এটি গাজায় মানুষ অপহৃত হওয়ার চেয়েও ভয়াবহ হবে।