প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এসব খাতে পারস্পরিক অভিজ্ঞতা ও সুযোগ কাজে লাগিয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশ যাতে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী।


