ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেটের স্বীকৃতি হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে নানা ধরনের পুরস্কার দেওয়া হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (আইএলটি২০) সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে রেসলিংয়ের আদলে তৈরি বিশেষ চ্যাম্পিয়নশিপ বেল্ট। পাঁচ রঙের এসব বেল্ট দেওয়া হয় ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি স্থানীয় ক্রিকেটার এবং চ্যাম্পিয়ন দলের মালিককেও।
আইএলটি২০-এর পঞ্চম আসর শুরু হয়েছে গত ২১ নভেম্বর। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তিনি খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারলে তার হাতেও উঠতে পারে বিশেষ সাদা বেল্ট।
কোন বেল্ট কার জন্য
আইএলটি২০-তে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ধরনের বেল্ট দেওয়া হয়। প্রতিটির রয়েছে আলাদা পরিচিতি ও অর্জনের মানদণ্ড।
সবুজ বেল্ট দেওয়া হয় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে। অর্থাৎ ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান এই স্বীকৃতি।
সাদা বেল্টের জন্য লড়াই করেন বোলাররা। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারির হাতে ওঠে এই বেল্ট।
লাল বেল্টটি বরাদ্দ টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)-এর জন্য। সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় সেরা ক্রিকেটারকে দেওয়া হয় এটি।
নীল বেল্ট দেওয়া হয় প্রতিযোগিতায় অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের মধ্যে সেরা পারফরমারকে। আর কালো বেল্টটি পান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের মালিক।
টুর্নামেন্ট চলাকালেই হাতবদল হয় বেল্ট
এই বেল্টগুলোর মধ্যে সবুজ ও সাদা বেল্টের বিশেষত্ব হলো, এগুলো মৌসুম শেষে একবার দেওয়া হয় না। বরং পুরো টুর্নামেন্টজুড়েই চলে এর প্রতিযোগিতা। রান সংগ্রাহক কিংবা উইকেটশিকারির তালিকায় শীর্ষস্থান পরিবর্তন হলে বেল্টও চলে যায় নতুন শীর্ষে থাকা ক্রিকেটারের হাতে।
ফলে প্রতিটি ম্যাচের পারফরম্যান্সের সাথে বেল্ট জয়ের হিসাবও বদলে যায়। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি ডেভিড ভিসা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ইব্রাহিম জাদরান।
বেল্ট তৈরিতে বিশেষ আয়োজন
রেসলিংয়ের জনপ্রিয় প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর চ্যাম্পিয়নশিপ বেল্টের আদলে তৈরি করা হয়েছে আইএলটি২০-এর পুরস্কারগুলো। এগুলোর মূল প্লেট তৈরি করা হয়েছে শক্ত ধাতু দিয়ে, যার ওপর রয়েছে সোনার প্রলেপ। প্রতিটি বেল্টের ওজন প্রায় সাড়ে সাত কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াইল্ডক্যাট বেল্টস তৈরি করেছে এসব বিশেষ বেল্ট। প্রতিষ্ঠানটি রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপ বেল্ট তৈরির জন্যও পরিচিত। ফলে ক্রিকেটের ব্যক্তিগত অর্জনের স্বীকৃতিতে যুক্ত হয়েছে রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপের আমেজ।
অন্যদিকে, টুর্নামেন্টের মূল চ্যাম্পিয়নশিপ ট্রফি তৈরি করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান টমাস লাইট। এফএ কাপ, রাইডার কাপ ও এএফসি এশিয়ান কাপের মতো বড় প্রতিযোগিতার ট্রফি তৈরির অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
কেন বেল্ট দেওয়ার উদ্যোগ
অন্যান্য টি-টোয়েন্টি লিগের তুলনায় আইএলটি২০-কে আলাদা পরিচিতি দিতে চায় আয়োজকেরা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ক্রিকেটে রেসলিংয়ের আদলে বেল্ট দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
লিগটির কৌশল ও পরিকল্পনা বিভাগের প্রধান ভেঙ্কটেশ শ্রীধর টাইমস অব ইন্ডিয়া কে এ বিষয়ে বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন, ক্রিকেটে রেসলিংয়ের বেল্ট কেন দেওয়া হচ্ছে? আমাদের পাল্টা প্রশ্ন ছিল, কেন নয়?’
মোস্তাফিজের সামনে সাদা বেল্টের সুযোগ
এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে অবশ্য প্রত্যাশামতো শুরু করতে পারেননি তিনি। চার ওভার বল করে ৩৭ রান দিলেও কোনো উইকেট পাননি।
আজ রাতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স। পরের ম্যাচগুলোতে বোলিংয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে সর্বোচ্চ উইকেটশিকারির সাদা বেল্ট জয়ের দৌড়েও জায়গা করে নিতে পারেন বাংলাদেশের এই পেসার।



