...|...|...

বিনোদন

ক্যান্সারে মারা গেলেন লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ২:০০
Shares
ক্যান্সারে মারা গেলেন লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। সে সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন মাতিয়া বানু শুকু। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ার কথাও জানিয়েছিলেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিলেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তার বিভিন্ন কাজে মধ্যবিত্তের জীবন, সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য পেয়েছিলেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।