...|...|...

বিনোদন

কেন ভাঙল প্রীতম-শেহতাজের সংসার?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
কেন ভাঙল প্রীতম-শেহতাজের সংসার?

প্রীতম-শেহতাজ। ছবি: সংগৃহীত

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনে চলছে আলোচনা। দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ এই জুটির সংসার কেন ভাঙল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যেও। তবে দুজনের ভাষ্য, কোনো অভিযোগ বা অসম্মানের কারণে নয়, বরং পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণেই তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুজন। 

প্রীতম তার পোস্টে লিখেছেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসাথে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম। তিনি লিখেছেন, একসাথে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সেটিও জানিয়েছেন প্রীতম।

তার ভাষ্যে, সময়ের সাথে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।

শেহতাজ জানিয়েছেন, সময়ের সাথে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সাথে বিবেচনা করা হয়। প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসাথে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একসাথে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসাথ দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বেশ কিছুদিন ধরে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত আজ দুজনই প্রকাশ্যে জানালেন, দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।