...|...|...

বিশ্ব

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, অধিকাংশই তীর্থযাত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০
Shares
কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, অধিকাংশই তীর্থযাত্রী

ছবি: সংগৃহীত

কেনিয়ার নাইরোবি-মোম্বাসা মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্যাথলিক তীর্থযাত্রী, যারা একটি জাতীয় প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। শুক্রবার মধ্যরাতের পর সালামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় তীর্থযাত্রী বহনকারী একটি মিনিবাসও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীরা মোম্বাসার সেন্ট ম্যাথিয়াস মুলুম্বা ক্যাথলিক চার্চের সদস্য ছিলেন। তারা নাকুরু কাউন্টির সুবুকিয়া ন্যাশনাল শ্রাইনে জাতীয় প্রার্থনা দিবসে অংশ নিতে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোম্বাসার ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোও নিহতদের পরিবার, স্বজন এবং ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি (এনটিএসএ) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সালামার ম্লিমা কিউ–সালামা অংশটি আগে থেকেই দুর্ঘটনাপ্রবণ ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত।

এনটিএসএ চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা এবং লেন শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে।