কৃষক বাবা, গৃহিণী মা। সীমিত সামর্থ্যের সংসারে সন্তানদের উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন তারা। নিজেদের জীবনে শিক্ষার সুযোগ খুব বেশি না থাকলেও সন্তানদের ভবিষ্যৎ গড়তে পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসায় কোনো কমতি রাখেননি। দীর্ঘদিনের সেই স্বপ্ন এবার পূর্ণতার মুখ দেখেছে। কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই অর্জনে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু ও গ্রামের মানুষ।
শেখ আসিফ হোসেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার প্রত্যন্ত বড় কাশিপুর গ্রামের সন্তান। তার বাবা শেখ জিল্লুর রহমান একজন কৃষক এবং মা ফরিদা খাতুন গৃহিণী। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাবা-মায়ের সেই ত্যাগ ও উৎসাহই আসিফের দীর্ঘ শিক্ষাজীবনের অন্যতম অনুপ্রেরণা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বড় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন আসিফ। এরপর পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে সফলতার সঙ্গে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ শিক্ষাজীবনের পর এবার ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শেখ আসিফ হোসেন। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবার ও গ্রামজুড়ে তৈরি হয়েছে আনন্দের আবহ। স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
নিজের এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন শেখ আসিফ হোসেন। একই সঙ্গে তার এই পথচলায় পাশে থাকা বাবা-মা, ভাই-বোন, শিক্ষকমণ্ডলী, বন্ধুবান্ধব ও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তিনি।
কৃষক বাবার সন্তান থেকে সহকারী সিভিল জজ হওয়ার আসিফের এই যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি তার বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন, ত্যাগ ও সংগ্রামেরও সাফল্য। যে বাবা সারাজীবন মাঠে পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, সেই বাবার সন্তান আজ বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার সুযোগ পেয়েছেন। এতেই যেন পূর্ণতা পেয়েছে একটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন।


