...|...|...

সারাদেশ

কৃষক দল নেতা রাজু হত্যা মামলায় প্রধান আসামি নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৪
Shares
কৃষক দল নেতা রাজু হত্যা মামলায় প্রধান আসামি নিক্সন চৌধুরী

ছবি: টাইমস টুডে

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর দায়ের করা এ মামলায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে তার নামসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গত শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভাঙ্গা থানায় মামলাটি করেন। এতে সন্ত্রাসবিরোধী আইনের ছয়টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এজাহারে তার ৯৫ জন সহযোগীর নামও উল্লেখ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, নিক্সনের নির্দেশ ও অর্থায়নে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ সময় ইটের খোয়া, পাথরের টুকরা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র-সরকি, কাতরা, রামদা, চাপাতি এবং ককটেল নিয়ে অবরোধকারীরা অবস্থান করছিলেন।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত পৌনে আটটার দিকে তার স্বামী রাজু মোল্লা মোটরসাইকেল নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে আটকে দেওয়া হয়। এ সময় দুই নম্বর আসামি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সরকি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তার শরীরে গুরুতর জখম হয়।

এজাহারে আরও বলা হয়, তিন নম্বর আসামি হামিরদীর আল আমিন (৪৫), চার নম্বর আসামি শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ছয় নম্বর আসামি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান আশিক (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) এবং ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সীসহ অন্যরা রাজুকে মারধর করেন। একপর্যায়ে তাকে সড়ক দিয়ে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তার পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তখন অভিযুক্ত ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ নিজেদের, সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ১৫টি শর্টগানের গুলি ছোড়ে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে রাত ৯টার দিকে রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ছয়টি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অর্থ, সম্পদ বা সেবা দেওয়া, সংগ্রহ ও গ্রহণ করা; নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হওয়া; সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা, সভা ও বক্তব্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া; সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, সহায়তা ও প্ররোচনা দেওয়া; অন্যদের সংগঠিত বা নির্দেশ দেওয়া এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তথ্য, নথি, প্রযুক্তি বা প্রশিক্ষণ সরবরাহ করা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকার কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পাঁচ দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

তবে মামলার এজাহারে আনা অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও অন্য আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।