কুয়েতে ড্রোন হামলা প্রতিহত করার সময় পড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই ঘটনায় একজন কুয়েতি ও একজন পাকিস্তানি শ্রমিকও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ আসা ইরানি ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল। এ সময় বিস্ফোরণ ও ধ্বংসাবশেষের আঘাতে হতাহতের ঘটনা ঘটে।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে, ওই অঞ্চলে ইরান কোনো আক্রমণাত্মক বা সামরিক অভিযান পরিচালনা করেনি।
ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র সরদার শেকারচি বলেন, “শত্রুতামূলক কর্মকাণ্ডের ইতিহাস এবং ভুয়া পতাকা ব্যবহার ও আঞ্চলিক অভিযানে ইহুদিবাদী শাসন ও মার্কিন বাহিনীর ভূমিকা বিবেচনায় এসব অভিযোগকে অনিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টা এবং অপতৎপরতা অব্যাহত রাখার আড়াল হিসেবে দেখা হচ্ছে।”
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোন হামলার কারণে হওয়া একটি বিস্ফোরণ এমন একটি স্থানে ঘটে, যেখানে রাইনমেটাল ইতালিয়ার দুই প্রযুক্তিবিদ কাজ করছিলেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, নিহত দুই ব্যক্তি বিমান প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে কর্মরত প্রযুক্তিবিদ ছিলেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের জঘন্য আগ্রাসনের ফলে আহত দুই ইতালীয় নাগরিক তাদের আঘাতের কারণে মারা গেছেন।”
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনায় কিছু ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।
আল-জাজিরার জেইন বাসরাভি জানিয়েছেন, হামলার সময় কুয়েতের ন্যাশনাল গার্ড ও সামরিক বাহিনীর কর্মকর্তারা সফররত একটি ইতালীয় প্রতিনিধিদলের সাথে বৈঠকে ছিলেন। প্রতিনিধিদলে ইতালির কারাবিনিয়েরির কমান্ডার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সালভাতোরে লুঙ্গো এবং কুয়েতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও ছিলেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দুই ইতালীয় নাগরিকের ‘মর্মান্তিক মৃত্যুর’ খবর তাকে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


