...|...|...

সারাদেশ

কুমিল্লায় মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, পলাতক চা দোকানি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৯
Shares
কুমিল্লায় মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, পলাতক চা দোকানি

ছবি: টাইমস টুডে

কুমিল্লার চান্দিনা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী স্থানীয় চা দোকানি ইউছুফের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

অভিযুক্ত ইউছুফ উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার অভিযোগ, তার মেয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী চা দোকানি ইউছুফ শিশুটিকে ডেকে নিজের দোকানে নিয়ে যান। পরে দোকানের দরজা বন্ধ করে তার সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় দোকানের দরজা খুলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী শারমিন আক্তার বলেন, তিনি তার ভাতিজিকে খুঁজতে খুঁজতে দোকানের দিকে যান। সেখানে শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ইউছুফকে দোকান থেকে পালিয়ে যেতে দেখেন। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

স্থানীয় নিলুফা বেগম অভিযোগ করে বলেন, ইউছুফ এর আগেও আরও দুই-তিনজন শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

স্থানীয় রেজাউল আলম সোহেল বলেন, ঘটনার দিন বিকেলে দোকানের কাছে গিয়ে তারা বিষয়টি জানতে পারেন। পরে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় থাকার কথা শোনেন। কিছুক্ষণ পর তার ছেলে-মেয়েরা অসুস্থতার কথা বলে তাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও তার সন্ধান পাননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।