কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘RAW’ ও ‘Crime Setup’ গ্যাংয়ের চার নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ‘RAW’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন ও সাইফুল ইসলাম এবং ‘Crime Setup’ গ্যাংয়ের সাব্বির ওরফে পয়েন্ট সাব্বির ও রবিউল ইসলাম নবী ওরফে কিং মেকার।
পুলিশের দাবি, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা। এছাড়া পয়েন্ট সাব্বির ও কিং মেকারের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চলছে। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই হাজারের বেশি কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


