কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


