কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনটি থানার পৃথক তিন কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার ‘১২০৭’ গ্যাংয়ের তিন সদস্য রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রাম উপজেলার ‘১২০৭’ গ্যাংয়ের সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০) এবং মনোহরগঞ্জ উপজেলার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট থানার পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা পুলিশ আরও জানায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


