ভারতের কলকাতায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই তরুণ ও একজনের বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা, মামা ও মাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার সরশুনা থানা এলাকার ক্ষুদিরামপল্লিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী এক তরুণ ওই দিন কলকাতার খালপাড় মাঠে ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে দেখা করতে যান। তার সাথে ছিলেন ১৯ বছর বয়সী এক বন্ধুও। কথাবার্তার একপর্যায়ে তরুণ কিশোরীকে চুমু দেন বলে অভিযোগ। বিষয়টি দেখে ফেলেন কিশোরীর মামার এক বন্ধু। পরে তিনি কিশোরীর বাবা ও মামাকে ঘটনাটি জানান।
অভিযোগ অনুযায়ী, খবর পেয়ে কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন দুই তরুণকে তাদের ক্ষুদিরামপল্লির বাড়িতে নিয়ে যান। পরে রাহুল ফোন করে তার আরও কয়েকজন বন্ধুকে সেখানে ডেকে আনেন। বাড়িতে দুই তরুণকে দীর্ঘ সময় ধরে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এরপর ঘটনাস্থলে ডেকে আনা হয় ১৮ বছর বয়সী তরুণের বাবাকেও। অভিযোগ, তিনজনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের পোশাক খুলতে বাধ্য করা হয়। পরে বাড়ির সামনের রাস্তায় তাদের নগ্ন অবস্থায় প্রায় ৫০ মিটার হাঁটানো হয়। তরুণের বাবাকেও এ হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় মামলা করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা, সম্মানহানি ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন ও মা রিঙ্কু সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম এফআইআরে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্যদেরও খুঁজছে পুলিশ।


