কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের চর পুমদী এলাকার ‘মায়ের দোয়া’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ চর পুমদী গ্রামের গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০)। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ চলার সময় হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে চার শ্রমিক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই গোলাপ মিয়া ও উৎপল মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


