জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণের এই প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব করেন পরিবহন মালিকেরা। বৈঠকে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার অনুরোধ জানানো হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে।


