ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ভোলায় ‘বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে অন্যান্য দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান’ এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসাথে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য একেএম শরীয়তল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফতি রেজাউল করিম তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। একইসঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, দলটির আমির মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, অথচ তার বক্তব্যের একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। এটি তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের উদ্দেশ কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়, বরং দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং জাতীয় স্বার্থ রক্ষা করা।
ভোলা শহরের একটি রেষ্টুরেন্টে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার যুব সম্মেলনে প্রধান অতিথি মুফতি রেজাউল করিমের বক্তব্যেকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।


