কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিচ্ছেন তার সহকর্মী ও বিনোদন জগতের তারকারা।
অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সাথে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।’
অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার মাঝে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত। শান্তিতে ঘুমাও কারিনা। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না।’
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’
কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী লিখেছেন, ‘আমি খবরটা পেয়ে পাগলের মতো কান্না করছি। কারিনাকে আর দেখব না।’
উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কারিনার সাথে একটি ছবি শেয়ার করে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘দেখা হবে অন্য ভুবনে যেখানে মানুষ কারো মরণব্যাধি নিয়ে উল্লাস করে না। রেস্ট ইন পিস কারিনা আপু।’
একসাথে একটি বিজ্ঞাপনে কাজ করার স্মৃতিচারণ করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, এটা খুবই দুঃখজনক! সে কত অসাধারণ এক প্রতিভা ছিল! বাংলাদেশ তোমাকে মিস করবে।
চিত্রনায়িকা তমা মির্জা কারিনার মৃত্যুর খবর পেয়ে 'আহারে জীবন' গানের কথা উল্লেখ করে লিখেছেন, আহারে জীবন, আহা জীবন- জলে ভাসা পদ্মা যেমন। কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। উপস্থাপিকা ও মডেল নীল হুরেরজাহান লিখেছেন, আমি এটা শোনার জন্য একদমই প্রস্তত ছিলাম না, একদমই না। মেনে নেওয়ার মতো না।
এছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার শোক প্রকাশ করে লিখেছেন, মোমবাতিতে ভরা একটি ঘরে তুমি ছিলে ঝাড়বাতির মতো, কারিনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।

