বাবা কারাগারে, ছেলে ফুটবল মাঠে। ধর্ষণের মামলায় ৯ বছরের সাজা ভোগ করছেন ব্রাজিলের সাবেক তারকা রবিনিও। অন্যদিকে বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজের নাম প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছেন ছেলে রবিনিও জুনিয়র। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল করে আলোচনায় এসেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পেরুর বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক হয় তার। গোলের পাশাপাশি নিজের সামর্থ্যেরও জানান দিয়েছেন তিনি। বর্তমানে ইতালির ক্লাব জেনোয়ায় ধারে খেলছেন রবিনিও জুনিয়র।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর সান্তোসে জন্ম তার। বাবার পথ ধরে ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৯ গোল করে যৌথ সর্বোচ্চ গোলদাতা হন। পরের বছর মূল দলে সুযোগ পান। বাবার মতো তিনিও সান্তোসে ৭ নম্বর জার্সি পরেছেন। গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ক্লাবটি।
তবে মূল দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় গত ২ সেপ্টেম্বর ইতালির ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন তিনি। এখন পর্যন্ত লিগে একটি ম্যাচ খেলেছেন। তার সেই অভিষেক দেখেছেন বাবা রবিনিও, তবে সাও পাওলোর কারাগারে বসে।
ব্রাজিল নাকি ইতালি?
রবিনিও জুনিয়রের সামনে জাতীয় দল বেছে নেওয়ার সুযোগও রয়েছে। মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালিয়ান নাগরিকত্ব থাকায় চাইলে ইতালির হয়েও খেলতে পারবেন তিনি। তবে আপাতত দুই দেশের সম্ভাবনাই খোলা রাখতে চান।
পেরুর বিপক্ষে ম্যাচ শেষে জুনিয়র বলেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব।’
বাবাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন
ছোটবেলা থেকেই প্রতিভার পরিচয় দিয়েছেন রবিনিও জুনিয়র। তার প্রথম কোচ রবসন ফার্নান্দেজ দি অলিভেরা মনে করেন, বাঁ পায়ের ড্রিবলিংয়ে বাবাকেও ছাড়িয়ে গেছেন এই তরুণ। জেনোয়ার কোচ ড্যানিয়েল ডি রসিও তার খেলায় মুগ্ধ।
অন্যদিকে রবিনিও ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো ক্লাবে। তবে ২০১৩ সালে ইতালিতে এক নারীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার ক্যারিয়ারে পতন ঘটে। ইতালির আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। ২০২৪ সালের মার্চে ব্রাজিলে গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন তিনি।
বাবার পরিচয় ও অতীতের বাইরে গিয়ে নিজের জায়গা তৈরি করতে চান রবিনিও জুনিয়র। ব্রাজিলের জার্সিতে অভিষেকের জোড়া গোল সেই স্বপ্নের পথে তার নতুন অর্জন।


