...|...|...

সারাদেশ

কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ছাব্বির, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ১:৩১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, রাত ১:৩৩
Shares
কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ছাব্বির, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাব্বির মৃধা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কাছাকাছি চলে এলেও ছাব্বির সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, কানে হেডফোন থাকায় ছাব্বির ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন অপ্রত্যাশিত দুর্ঘটনায় তরুণ ছাব্বিরের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।