প্রথম সেটে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল। ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও পরের তিন সেটে দাপট দেখিয়ে শিরোপা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সুলাইমানিয়ায় ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারায় আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও পরের তিন সেট জিতে স্বর্ণপদক নিজেদের করে নেয় বাংলাদেশ।
প্রথম সেটে কাজাখস্তানের কাছে ৩ পয়েন্টের ব্যবধানে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫৫-৫৪ পয়েন্টে সেট জিতে সমতা ফেরান সাগর, আলিফ ও রাফিরা। এরপর তৃতীয় সেটে ৫৫-৫২ পয়েন্টের জয় তুলে নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ।
চতুর্থ সেটে দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৫২-৫১ পয়েন্টে সেটটি জিতে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের আর্চাররা। শুরুতে পিছিয়ে পড়েও ধারাবাহিক পারফরম্যান্সে জয় তুলে নেওয়ায় শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি।
এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এবার শিরোপার লড়াইয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনার পদক জিতলেন সাগর ইসলাম, আবদুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় বুধবার স্বর্ণপদক জিতেছে দেশের কম্পাউন্ড নারী দল। এদিকে বৃহস্পতিবার আরও দুটি ইভেন্টে সোনার লড়াইয়ে নামার কথা রয়েছে বাংলাদেশের আর্চারদের। রিকার্ভ নারী বিভাগে সায়মা সালাহ উদ্দিন এবং কম্পাউন্ড নারী বিভাগে বন্যা আক্তার পদকের জন্য লড়বেন।


