গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর দুপুরে কলেজের কার্যক্রম বন্ধ থাকায় অধ্যক্ষ বাড়িতে চলে যান। পরে বেলা পৌনে ৩টার দিকে এক শিক্ষক তাকে ফোন করে জানান, সাহেদ তালুকদার ও তার কয়েকজন সহযোগী কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল এবং তিনটি ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে অধ্যক্ষ কলেজে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা তাদের বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া নতুন ভবন নির্মাণের কাজে ব্যবহারের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সাথে আলোচনা করে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, কলেজের মালামাল চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।


