...|...|...

জাতীয়

কর্মস্থলের বাইরে সরকারি গাড়ি নিতে লাগবে অনুমতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৫
Shares
কর্মস্থলের বাইরে সরকারি গাড়ি নিতে লাগবে অনুমতি

ছবি: সংগৃহীত

জেলা পর্যায়ে কর্মরত বিচারকদের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগ। এখন কর্মস্থল জেলার বাইরে সরকারি গাড়ি  নিতে লাগবে অনুমতি, মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া এসব গাড়ি নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।

রবিবার (২২ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি আইন ও বিচার বিভাগের আগাম অনুমতি ছাড়া কর্মস্থল জেলার বাইরে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

অর্থাৎ, সরকারি কাজে কিংবা অন্য কোনো প্রয়োজনে বরাদ্দ করা গাড়ি জেলার বাইরে নিতে হলে আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর মাধ্যমে জেলা পর্যায়ের বিচারকদের সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে পূর্বানুমতির বিষয়টি নিশ্চিত করতে বলেছে আইন ও বিচার বিভাগ।