কম্বোডিয়ায় সাইবার প্রতারণার বিভিন্ন কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ বাংলাদেশি আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরছেন। দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কয়েকজন মানবপাচারের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজন সংশ্লিষ্ট মানবপাচারকারীদের বিরুদ্ধে দেশে ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা করার আগ্রহ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি পাচারকারী দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসতে তাদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে। দেশে ফেরার পথে ভয়ভীতি দেখানোসহ নানা ধরনের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও করেছেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে প্রতারণামূলক অনলাইন কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। সেখানে তারা নানা ধরনের নির্যাতন ও চাপের মধ্যেও ছিলেন বলে অভিযোগ করেছেন।
দেশে ফেরার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনি সহায়তা, মানসিক সহযোগিতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সাথে মানবপাচারের সাথে জড়িতদের শনাক্ত করে অভিযোগগুলো যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
উদ্ধার হওয়া ৩৮ বাংলাদেশির দেশে ফেরার পর তাদের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের বিষয়ে নতুন তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।


