জ্বালানি তেলের বাজারের অস্থিরতা ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ২৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬ দশমিক ৯১ ডলারে নেমে এসেছে।
এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হয়েছে।
ইউবিএসের (UBS) বিশ্লেষক জিওভানি স্টাউনভো রয়টার্সকে বলেন, ‘বর্তমানে তেলের দাম, মূল্যস্ফীতি এবং স্বর্ণের দামের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি সরাসরি সম্পর্ক কাজ করছে।’
মূল্যবান অন্যান্য ধাতুর বাজারেও এর প্রভাব পড়েছে। রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৫৩১ দশমিক ৯২ ডলারে এবং প্যালাডিয়াম সামান্য পরিবর্তিত হয়ে ১ হাজার ২৯ দশমিক ৮৭ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে।


