দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি দাখিল করে এই সুতা আমদানি করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, দেশের টেক্সটাইল খাতের সমস্যা পর্যালোচনা ও সমাধানের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ২০ আগস্টের বৈঠকে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা তুলে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। এর পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নিয়মে শুধু ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকেরা এই সুতা আমদানি করতে পারবেন। এজন্য তিনটি শর্ত মানতে হবে।
প্রথমত, কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি দিতে হবে। তৃতীয়ত, আমদানি করা সুতা দিয়ে তৈরি পণ্য সম্পূর্ণভাবে বিদেশে রপ্তানি করতে হবে। রপ্তানি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।
তবে ৭ সেপ্টেম্বরের আগে যেসব সুতার চালান ইতোমধ্যে জাহাজীকরণ করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।


