জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছে। বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমানে তারা যাত্রা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঙ্গোতে বর্তমানে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টকে প্রতিস্থাপনের অংশ হিসেবে নতুন দলটি পাঠানো হয়েছে। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশটির সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন। তাদের অর্জিত সুনাম ও সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও আরও দক্ষতার সাথে দায়িত্ব পালনের প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান। এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী কন্টিনজেন্টের সদস্যদের বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং দেন।
আইএসপিআর আরও জানায়, বিভিন্ন অপপ্রচার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাড়ছে। জাতিসংঘের বাজেট সংকোচন ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনের পরিধি কমলেও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ধরে রেখেছে।


