কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে খাতনা করানোর পর ইনফেকশন ও রক্তক্ষরণে অন্তত ৫০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশুদের চিকিৎসা দিতে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে তিন সদস্যের একটি মেডিকেল টিম দ্বীপটিতে পাঠানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে টেকনাফ থেকে মেডিকেল টিমটি সেন্টমার্টিনে পৌঁছায়। সেখানে তারা অসুস্থ শিশুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি তারা কী কারণে অসুস্থ হয়েছে, সেটিও খতিয়ে দেখবে।
টেকনাফ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক জানান, অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন অ্যানেস্থেসিওলজিস্ট ও একজন উপসহকারী মেডিকেল অফিসারকে নিয়ে তিন সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে।
তিনি বলেন, মেডিকেল টিম অসুস্থ শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে। পাশাপাশি শিশুদের অসুস্থতার প্রকৃত কারণও খতিয়ে দেখা হবে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ময়মনসিংহ আল মুগিস হাসপাতালের একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খাতনা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির দুই দিনের মধ্যে খাতনা করানো অন্তত ৫০ শিশু ইনফেকশন ও রক্তক্ষরণ নিয়ে সেন্টমার্টিন হাসপাতালে চিকিৎসা নেয়।
এ ঘটনার পর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য টেকনাফ থেকে মেডিকেল টিম পাঠানো হয়। একই সাথে খাতনা করানোর পর এত সংখ্যক শিশু অসুস্থ হয়ে পড়ার কারণ এবং চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষা শেষে অসুস্থ শিশুদের বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


