...|...|...

ক্যাম্পাস

কওমি সনদের মান কার্যকর করতে হবে আমাদের চাহিদা অনুযায়ী: রিদওয়ান মাজহারী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৬
Shares
কওমি সনদের মান কার্যকর করতে হবে আমাদের চাহিদা অনুযায়ী: রিদওয়ান মাজহারী

ছবি: সংগৃহীত

কওমি শিক্ষার স্বকীয়তা ও আদর্শ অক্ষুণ্ন রেখে কওমি সনদের মান কার্যকর করার দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী। তিনি বলেছেন, সরকার যেভাবে চায়, সেভাবে কওমি সনদের মান তারা নিতে চান না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত ‘জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিদওয়ান মাজহারী বলেন, ইসলামী ছাত্র মজলিসকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা যুগোপযোগী ১৩ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম একটি দাবি হলো-শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ। এ বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দুঃখের কথা কী বলবো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অজপাড়াগাঁয়ে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা! বৃষ্টি হলে শিক্ষার পরিবেশ থাকে না, আবার গরমকালে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণের কোনো সুযোগই থাকে না। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরেও বাংলাদেশের এই ধরনের দুরবস্থার কথা বলতে আমাদের সংকোচ বোধ হয়।

তিনি বলেন, প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই-বাংলাদেশকে যদি শিক্ষিত রাষ্ট্র হিসেবে, সমাজকে যদি শিক্ষিত সমাজ হিসেবে এবং দেশের সকল নাগরিককে যদি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আমি বলবো ৫% নয়, ১০% বা ১৫% বরাদ্দ দিতে হলেও সরকারকে তা দিতে হবে। অন্যথায় দক্ষ নাগরিক তৈরিতে ব্যর্থতার দায়ে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

কওমি সনদের বিষয়ে রিদওয়ান মাজহারী বলেন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা-কওমি সনদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে বলা হয়েছে, তা নিয়ে বাংলাদেশে প্রায় দুই যুগ ধরে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের কওমি নেতৃত্ব যেভাবে কওমি শিক্ষার আদর্শ ও স্বকীয়তা রক্ষা করে কওমি সনদের দাবি জানিয়ে আসছে, সরকারকে সেভাবেই কওমি সনদের মান কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, আমি বলতে চাই, বর্তমান সরকারের মন্ত্রীরা বলেছেন-২০০১ সালে যখন তারা ক্ষমতায় ছিলেন, তখন কওমি সনদের স্বীকৃতি দিতে চেয়েও দু-একটি দলের বাধার কারণে দিতে পারেননি। এই ধরনের তামাশাপূর্ণ বক্তব্য আমরা আর শুনতে চাই না। আপনারা সরকারের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত ছিলেন; সুতরাং কোনো দলের বাধার অজুহাত না দিয়ে এই ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে। আমরা বলতে চাই, কওমি সনদের মান কার্যকর করতে হবে আমাদের চাহিদা অনুযায়ী-সরকার যেভাবে চায়, সেভাবে আমরা সনদের মান নিতে চাই না।