...|...|...

জাতীয়

ওসমান ফারুকের আসনে উপনির্বাচন কবে, জানাল ইসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৯
Shares
ওসমান ফারুকের আসনে উপনির্বাচন কবে, জানাল ইসি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে ইসি মাছউদ বলেন, ‘আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। আমরা নির্ধারিত এই সময়ের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন করব।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সাথে এই উপনির্বাচন আয়োজনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, এতে উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তবে ওই এলাকায় তখন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত থাকতে পারে। দুটি নির্বাচন একসাথে করা সম্ভব কি না, কমিশন তা পর্যালোচনা করে দেখবে।

এর আগে আজই জাতীয় সংসদ সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, গত ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান এবং পরদিন স্পিকার তা গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে জয়ী হয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ৮৬ বছর বয়সী এই নেতা শারীরিকভাবে অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তবে দলটির একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ার অসন্তোষ থেকেও তিনি সরে দাঁড়াতে পারেন।

যদিও এ বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন নির্ধারিত সময়ের মধ্যে এই আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।