...|...|...

শিক্ষা

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। 

শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, ফল প্রকাশের পর সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে তা পাওয়া যাবে। পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল দেখা যাবে।

মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ধরন হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের লিখতে হবে SSC TEC ROLL YEAR। এরপর সবগুলোই ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণ নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।