বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের পরবর্তী ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা শুরু হবে। ধাপে ধাপে এসব পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত সূচি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


